ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পেপ গার্দিওলা ও কার্লো আনচেলত্তি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এমন প্রস্তাব প্রত্যাখ্যানের পর এখন নতুন কোচ হিসেবে আন্দ্রে পিরলোর দিকে নজর দিয়েছে দেশটি। ইতালিয়ান সাংবাদিক মাত্তেও মোরেত্তো জানিয়েছেন, ২০০৬ সালের বিশ্বকাপ জয়ী এই তারকাকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
জানা গেছে, বর্তমান কোচ জেন্নারো গাত্তুসোর স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে পিরলোই এখন সবচেয়ে শক্তিশালী দাবিদার। আগামী কয়েক দিনের মধ্যেই তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতালির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এবং স্পেশাল অ্যাডভাইজর লিওনার্দো নিশ্চিত করেছেন যে, তারা প্রথমে আনচেলত্তি এবং পরবর্তীতে গার্দিওলার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে এই দুই হাই-প্রোফাইল কোচ ইতালির ডাগআউটে দাঁড়ানোর সুযোগটি গ্রহণ করেননি।
৪৭ বছর বয়সী পিরলো বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের প্রো লিগ ক্লাব ইউনাইটেড এফসিতে কর্মরত আছেন। তবে ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত ইতালির সঙ্গে চুক্তিবদ্ধ হতে তার বর্তমান ক্লাবের সঙ্গে সমঝোতায় কোনো সমস্যা হবে না বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে। নতুন চুক্তিতে পিরলোর বার্ষিক বেতন হতে পারে প্রায় ১.৫ মিলিয়ন ইউরো। এই পারিশ্রমিক গার্দিওলা, আনচেলত্তি, আন্তোনিও কোন্তে বা রবের্তো মানচিনিদের তুলনায় অনেকটাই কম। এর আগে জুভেন্টাসের কোচ হিসেবে কোপা ইতালিয়া জেতা পিরলোর কোচিং ক্যারিয়ারে সাম্পদোরিয়া ও তুর্কি ক্লাব ফাতিহ কারাগুমরুকে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।
গার্দিওলা ও আনচেলত্তি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর ইতালির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আন্দ্রে পিরলো। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিতে সাবেক এই তারকার নাম ঘোষণা হতে পারে দ্রুতই।


0 Comments