টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় লাল মিয়া (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাঁশতৈল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত লাল মিয়া বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে আন্দোলন চলাকালে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের বাসিন্দা হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়। এই ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। লাল মিয়া এই মামলার এজাহারভুক্ত আসামি। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাল মিয়াকে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


0 Comments