নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনালের মুক্তমঞ্চে জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
বক্তব্যে সারোয়ার তুষার শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, অন্ধকার প্রকোষ্ঠ থেকে গায়েবি হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না। তিনি বলেন, আওয়ামী লীগ এখন দিল্লি ও ফেসবুক লীগে পরিণত হয়েছে। সাহস থাকলে বাংলাদেশে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিমানবন্দর থেকেই সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে এবং তাদের জন্য কেবল ফাঁসির দড়িই অপেক্ষা করছে। তিনি আরও উল্লেখ করেন, ডিসেম্বর মাস আত্মসমর্পণের জন্য অত্যন্ত উপযুক্ত সময় এবং তারা দেশে ফিরলে এনসিপির কোনো আপত্তি নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, চাল, গম ও ভোট চুরির অপসংস্কৃতি থেকে সমাজকে মুক্ত করতে হবে। তিনি দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে ওয়ার্ড পর্যন্ত কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তিনি জেলা সদস্যসচিব মাহামুদা সুলতানা রিমির হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
নড়াইল জেলা এনসিপির আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক। সভায় জেলার বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
নড়াইলে জাতীয় নাগরিক পার্টির পথসভায় শেখ হাসিনাকে দেশে ফেরার চ্যালেঞ্জ জানিয়েছেন সারোয়ার তুষার। তিনি বলেন, গায়েবি হুংকার না দিয়ে সাহস থাকলে বাংলাদেশে আসুন, এখানে ফাঁসির মঞ্চ আপনার জন্য অপেক্ষা করছে।


0 Comments