কক্সবাজারের কুতুবদিয়ায় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া পরোয়ানাভুক্ত আসামি মিজানুর রহমানকে (৪৫) পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মিজানুর রহমান কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীপাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে পুনরায় কুতুবদিয়া থানায় নিয়ে আসা হয়।
ঘটনার বিস্তারিত জানিয়ে কুতুবদিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সাঈদুল হক বলেন, গত রোববার রাত ১০টার দিকে উত্তর ধুরুং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে তাকে থানায় নেওয়ার পথে একদল লোক সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং হ্যান্ডকাফ পরা অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে যায়।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরবর্তীতে পলাতক মিজানুর রহমানকে পুনরায় গ্রেপ্তারে একটি বিশেষ দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা নজরদারি এবং বিভিন্ন সূত্রের তথ্য বিশ্লেষণ করে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বাঁশখালীর দুর্গম এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসআই সাঈদুল হক আরও জানান, পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলা এবং আগের দুটি পরোয়ানাভুক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে মিজানুর রহমানকে আদালতে পাঠানো হবে।
কুতুবদিয়ায় পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি মিজানুর রহমানকে চট্টগ্রামের বাঁশখালী থেকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ছিনিয়ে নেওয়ার পর বিশেষ অভিযানে তাকে ধরা হয়।


0 Comments