কক্সবাজার জেলা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া ৬০টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ফোন হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পর্যটন নগরী কক্সবাজারে বিভিন্ন সময়ে নাগরিকদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে কাজ শুরু করে জেলা পুলিশের ‘সাইবার ক্রাইম মনিটরিং সেল’ এবং ‘আইসিটি শাখা’। ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬০টি ফোন উদ্ধার করা হয়। কক্সবাজার জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে এসব ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
হারানো শখের ফোন ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী মালিকরা। তবে উদ্ধারকৃত ফোনের তালিকায় থাকা অনেক জিডির মোবাইল নম্বর বন্ধ থাকায় সবার সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। এই অবস্থায় যাদের ফোন এখনো হস্তান্তর করা যায়নি, তাদের আইএমইআই (IMEI) নম্বর মিলিয়ে জাতীয় পরিচয়পত্র ও ক্রয়ের রসিদসহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখায় যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
কক্সবাজারে উদ্ধার হওয়া ৬০টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের এসব ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী নাগরিকরা।


0 Comments