রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ প্রকৌশলীদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনইএবি) আয়োজিত এই সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন বক্তারা। সভায় প্রধান বক্তা হিসেবে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে ভালো মানুষেরা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পৌঁছাতে পারছেন না। এই সংকট থেকে উত্তরণে সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দাবি করেন, বিপ্লবীদের কয়েকজনের সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্তটি ছিল ভুল। তিনি মনে করেন, এই ভুলের কারণেই ফ্যাসিবাদের দোসররা বর্তমানে স্পর্ধা দেখানোর সুযোগ পাচ্ছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেন, জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি মেধাভিত্তিক রাষ্ট্র গঠন। কিন্তু বর্তমানে রাষ্ট্র এখনো কোটাভিত্তিক রয়ে গেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয় শাখায় পরিণত করার চেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ আইনপ্রণেতাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত থাকলেও আইন তৈরির জায়গায় কোনো যোগ্যতার মাপকাঠি নেই। জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম প্রকৌশলীদের অবহেলার কথা উল্লেখ করে বলেন, অবকাঠামোগত উন্নয়নে তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। এনসিপির নারীশক্তির আহ্বায়ক নাবিলা তাসনিদ কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দিয়ে বলেন, কেবল মুখোশ পরিবর্তন নয় বরং সিস্টেমের আমূল পরিবর্তন প্রয়োজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনইএবির আহ্বায়ক প্রকৌশলী মো. আব্দুল হামিদ। এছাড়া অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী, মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং ড. প্রকৌশলী মাকসুদ হেলালীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ প্রকৌশলীদের স্মরণে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা মেধাভিত্তিক রাষ্ট্র গঠন ও রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।


0 Comments