বিশ্বকাপের নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও প্যারাগুয়ে। তবে ফিলাডেলফিয়ার মাঠে বল গড়ানোর আগেই মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত বর্ণবাদী বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে ফুটবল অঙ্গন। ফ্রান্স দলকে সরাসরি ‘আফ্রিকার স্কোয়াড’ বলে মন্তব্য করে বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখে পড়েছেন প্যারাগুয়ের কিংবদন্তি গোলরক্ষক হোসে লুইস চিলভার্ট।
এই বাগযুদ্ধের সূত্রপাত হয় ফ্রান্সের সাবেক ফুটবলার ক্রিস্টোফ দুগারির একটি মন্তব্যকে কেন্দ্র করে। টিভি চ্যানেল আরএমসি স্পোর্টের একটি অনুষ্ঠানে দুগারি প্যারাগুয়েকে ‘অক্ষম’ আখ্যা দিয়ে বলেছিলেন, তারা ফ্রান্সের কাছে বিধ্বস্ত ও অপমানিত হবে। প্রতিপক্ষকে নিয়ে দুগারির এমন অবমাননাকর মন্তব্যের জবাবে চিলভার্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) শালীনতার সীমা অতিক্রম করেন। তিনি লেখেন, ১৯৯৮ সালের বিশ্বকাপে তারা ফ্রান্সের বিপক্ষে খেললেও এবার প্যারাগুয়ে খেলবে আফ্রিকার একটি দলের বিপক্ষে।
কিলিয়ান এমবাপে কিংবা উসমান দেম্বেলেদের মতো তারকাদের আফ্রিকান বংশোদ্ভূত হওয়ার বিষয়টি ইঙ্গিত করে করা চিলভার্টের এই মন্তব্যকে সরাসরি বর্ণবাদ হিসেবে দেখছে ফুটবল বিশ্ব। গোলরক্ষক হিসেবে বিশ্বজুড়ে চিলভার্টের যে সুনাম ছিল, এই মন্তব্যের পর তা চরম ক্ষোভের মুখে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবলপ্রেমীরা তার এই আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং ফিফার হস্তক্ষেপ দাবি করেছেন। তবে এই বিতর্কিত বিষয়ে ফ্রান্স ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স বনাম প্যারাগুয়ে ম্যাচের আগে বর্ণবাদী মন্তব্যে জড়ালেন কিংবদন্তি গোলরক্ষক হোসে লুইস চিলভার্ট। ফ্রান্সকে আফ্রিকার দল বলে খোঁচা দিয়ে বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখে পড়েছেন তিনি।


0 Comments