দীর্ঘ দুই দশকের আলোচনার পর অবশেষে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি বেসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত বুধবার ওয়াশিংটনে মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি সই হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট সশরীরে উপস্থিত ছিলেন এবং সৌদি আরবের জ্বালানিমন্ত্রী রিয়াদ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন। তবে চুক্তি স্বাক্ষরের ২৪ ঘণ্টা পার হতে না হতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নাটকীয় ঘোষণা দিয়ে বিষয়টিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, এই চুক্তি কার্যকর করতে হলে সৌদি আরবকে অবশ্যই ‘আব্রাহাম অ্যাকর্ডসে’ যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, এই চুক্তির আওতায় সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো অনুমতি দেওয়া হবে না। একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট প্রেসিডেন্টকে বিস্তারিত না জানিয়েই চুক্তির ঘোষণা দেওয়ায় ট্রাম্প আগে থেকেই অসন্তুষ্ট ছিলেন। হোয়াইট হাউস চেয়েছিল বুধবার এই ঘোষণা না আসুক, কিন্তু রাইট সেই অনুরোধ উপেক্ষা করে অনুষ্ঠান সম্পন্ন করেন এবং গণমাধ্যমে সাক্ষাৎকার দেন।
হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স এক বিবৃতিতে জানিয়েছেন, এই পারমাণবিক চুক্তি সৌদি আরবের আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার ওপর সরাসরি নির্ভরশীল এবং ট্রাম্পের জ্বালানি দল এ বিষয়ে সম্পূর্ণ একমত। অন্যদিকে, হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প বরাবরই সৌদি আরবকে এই জোটে দেখতে চেয়েছেন এবং এটি তার দীর্ঘদিনের অবস্থান। ইসরায়েলি সূত্রগুলো দাবি করেছে যে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত যুক্ত করতে ট্রাম্পকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। তবে মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র বেন ডিটারিখ দাবি করেছেন, পুরো প্রক্রিয়াটি হোয়াইট হাউস ও পররাষ্ট্র দপ্তরের সঙ্গে সমন্বয় করেই সম্পন্ন করা হয়েছে। রক্ষণশীল মার্কিন সংবাদমাধ্যমগুলোর সমালোচনার মুখে ট্রাম্পের এই নতুন শর্তারোপ দীর্ঘ প্রতীক্ষিত এই চুক্তিকে এখন বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরের পর নতুন শর্ত দিলেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তি কার্যকর করতে রিয়াদকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত মানতে হবে বলে জানিয়েছেন তিনি।


0 Comments