ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ৫ আগস্ট অনুষ্ঠেয় এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এই সভায় সভাপতিত্ব করেন। সভায় ৫ আগস্টের কর্মসূচির সার্বিক প্রস্তুতি, অগ্রগতি ও বিভিন্ন উপ-কমিটির কার্যক্রম পর্যালোচনা করে সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করা হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, অফিস প্রধানগণ এবং বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্যগণ সভায় অংশ নেন।
গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণ। আগামী ৫ আগস্ট এই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে একটি ‘জুলাই কর্নার’ স্থাপন করা হবে, যেখানে আন্দোলনে শহিদদের ব্যবহৃত পোশাক, ভিডিও চিত্র, স্থির চিত্রসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সংরক্ষিত থাকবে। ওইদিন বেলা ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভা এবং বাদ আছর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ডিসপ্লে স্থাপনের মাধ্যমে আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। আন্দোলনে সম্পৃক্ত ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত প্রমাণ সাপেক্ষে স্বীকৃতি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ক্যাম্পাসের দেয়ালে অঙ্কিত জুলাই গ্রাফিতিগুলো সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রংকরণের কাজ শুরু হয়েছে। আন্দোলনে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা নিয়ে একটি বিশেষ স্মরণিকা প্রকাশের কাজও বর্তমানে চলমান রয়েছে বলে সভায় জানানো হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনে ৫ আগস্ট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। স্মৃতিস্তম্ভ নির্মাণ, জুলাই কর্নার স্থাপন ও আলোচনা সভাসহ নানা আয়োজনে দিনটি পালন করা হবে।


0 Comments