ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন আরও বেগবান হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিল্লির জন্তর মন্তরে আয়োজিত এক কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। তিনি বলেন, অবিলম্বে অযোগ্য শিক্ষামন্ত্রীকে অপসারণ করা না হলে দেশের তরুণ সমাজ এবার খোদ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলবে।
অভিজিৎ দীপক অভিযোগ করেন, কোটি কোটি শিক্ষার্থীর জীবনের চেয়ে একজন অযোগ্য মন্ত্রীকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে মানুষ মোদিকে আর ভোট দেবে না। আন্দোলন দমাতে সরকার ব্যারিকেড ও জ্যামার বসাতে যে শক্তি ব্যয় করেছে, তা প্রশ্নফাঁস রোধে ব্যবহার করলে অন্তত ২২ জন শিক্ষার্থীর প্রাণ বাঁচানো সম্ভব হতো বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে আন্দোলন শুরুর দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রীর মন্তব্য করা এবং বিতর্কিত মন্ত্রীকে সুরক্ষা দেওয়াকে অত্যন্ত লজ্জাজনক বলে অভিহিত করেন তিনি।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সিজেপির সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও জেপি নাড্ডা জানিয়েছেন, তারা আলোচনার জন্য প্রস্তুত। তবে সরকারের পক্ষ থেকে মন্ত্রীভবন বা সরকারি কার্যালয়ে বসার প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছে সিজেপি। দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা সাফ জানিয়ে দিয়েছেন, আলোচনা হতে হবে জন্তর মন্তর অথবা অন্য কোনো নিরপেক্ষ স্থানে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মোদি সরকারকে হুঁশিয়ারি দিলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। দাবি পূরণ না হলে প্রধানমন্ত্রীর পদত্যাগের ডাক দেবে তরুণরা।


0 Comments