পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য সাকিব চাধারের বিরুদ্ধে সাইবার হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগে মামলা করেছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মোমিনা ইকবাল। ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইন বা পেকা অনুযায়ী পাকিস্তানের জাতীয় সাইবার অপরাধ তদন্ত সংস্থার কাছে এই অভিযোগ দায়ের করা হয়। এফআইআর সূত্রে জানা গেছে, সাকিব চাধার, তার স্ত্রী এবং কয়েকজন সহযোগী মিলে দীর্ঘদিন ধরে অভিনেত্রীকে ভয়ভীতি প্রদর্শন ও তার পরিবারের ওপর নজরদারি চালিয়ে আসছিলেন।
অভিযোগে মোমিনা ইকবাল উল্লেখ করেন, বিবাহিত হওয়া সত্ত্বেও সাকিব চাধার তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই এমপি তাকে ব্যক্তিগত ভিডিও পাঠিয়ে এবং বিভিন্ন তথ্য ফাঁসের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতে শুরু করেন। এছাড়া ২০২৩ সালে মিথ্যা অপবাদ দিয়ে অভিনেত্রীর একটি বিয়ের প্রস্তাব ভেঙে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, সাকিবের সংশ্লিষ্ট একটি নম্বর থেকে হুমকির বার্তা পাঠানোর প্রমাণ পাওয়া গেছে এবং অভিনেত্রীর ফোন থেকে একটি ভিডিও উদ্ধার করা হয়েছে।
মোমিনা ইকবালের বোন, যিনি পেশায় একজন আইনজীবী, তদন্ত সংস্থার কাছে হুমকির একটি ভিডিও ক্লিপ জমা দিয়েছেন। ফরেনসিক পরীক্ষার জন্য জব্দ করা হয়েছে সংশ্লিষ্ট মোবাইল ফোন ও ভিডিও। এদিকে অভিযোগ উঠেছে যে, তদন্ত সংস্থার কাছে ফোন জমা দেওয়ার আগে সাকিব চাধার সেখান থেকে বিভিন্ন তথ্য ও অ্যাপ মুছে ফেলেছেন। উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে মোমিনা ইকবাল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এর আগেও তিনি লাহোরের একটি থানায় সাকিবের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করেছিলেন।
পাকিস্তানি অভিনেত্রী মোমিনা ইকবালকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর ব্ল্যাকমেইল ও হুমকির অভিযোগে পাঞ্জাবের এমপি সাকিব চাধারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

0 Comments