আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় ১১টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দিয়েছে উপজেলা প্রশাসন। তবে যান চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়কের ওপর বা সন্নিকটে হাট না বসানোর কঠোর নির্দেশনা থাকলেও অনেক ক্ষেত্রে তা মানা হচ্ছে না। বৃহস্পতিবার বিকেলে উখিয়ার টিভি টাওয়ার সংলগ্ন ১ নম্বর অস্থায়ী হাটে গিয়ে দেখা যায়, প্রশাসনের শর্ত ভঙ্গ করে দুর্ঘটনাপ্রবণ মহাসড়কের ঢালু এলাকায় পশুর হাট বসানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ ছিল যে, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের ওপর বা সন্নিকটে কোনোভাবেই অস্থায়ী পশুর হাট বসানো যাবে না। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে টিভি টাওয়ার এলাকায় মহাসড়কের ওপরই পশু কেনাবেচা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, এই হাটটি রোহিঙ্গা ক্যাম্পের কাছাকাছি হওয়ায় বিপুল সংখ্যক রোহিঙ্গা মহাসড়কে ভিড় করছেন, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।
অস্থায়ী হাটগুলোর স্থান নির্ধারণ ও তদারকির বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, বিষয়টি তহসিলদাররা তদারকি করেছেন। তবে দুর্ঘটনাপ্রবণ এলাকায় মহাসড়কের ওপর হাট বসার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। মহাসড়কের ওপর এমন হাট বসায় সাধারণ পথচারী ও যানবাহন চালকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
উখিয়ায় প্রশাসনের শর্ত ভেঙে মহাসড়কের ওপর পশুর হাট বসানো হয়েছে। টিভি টাওয়ার এলাকায় দুর্ঘটনার ঝুঁকি থাকলেও চলছে কেনাবেচা। এতে সাধারণ মানুষ ও যানবাহনের নিরাপত্তায় শঙ্কা দেখা দিয়েছে।

0 Comments