চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের তৌহিদুল ইসলাম নামে এক প্রবাসী সৌদি আরবে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গত মঙ্গলবার বিকেলে জেদ্দা শহরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দেয়াল ধসে তার মৃত্যু হয়। তৌহিদুল ওই ইউনিয়নের চরকানাই গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, তৌহিদুল ও তার যমজ ভাই জাহেদ হোসেনের বিয়ের আয়োজন একসঙ্গে করার পরিকল্পনা ছিল পরিবারের। সেই লক্ষ্যে আগামী ১৫ মে দেশে ফেরার জন্য বিমানের টিকিটও কেটেছিলেন তৌহিদুল। কিন্তু বিয়ের পিঁড়িতে বসার আগেই বিদেশের মাটিতে তার জীবনপ্রদীপ নিভে গেল।
তৌহিদুলের যমজ ভাই জাহেদ হোসেন জানান, দুই ভাই একসঙ্গে বিয়ে করবেন বলে অনেক স্বপ্ন দেখেছিলেন। তৌহিদুলের জন্য পাত্রীও প্রায় ঠিক করা ছিল। সর্বশেষ কথোপকথনে তৌহিদুল বলেছিলেন, যেভাবেই হোক এবার তিনি দেশে ফিরবেন। কিন্তু তার সেই ফেরা আর হলো না।
জীবিকার তাগিদে ২০১৯ সালে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তৌহিদুল। সেখানে তিনি নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে পরিবার। স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও মরদেহ দ্রুত দেশে আনতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
যমজ দুই ভাইয়ের একসঙ্গে বিয়ের সব প্রস্তুতি ছিল চূড়ান্ত। কিন্তু ১৫ মে দেশে ফেরার আগেই সৌদি আরবে দেয়াল ধসে প্রাণ হারালেন পটিয়ার তৌহিদুল ইসলাম। তার অকাল মৃত্যুতে পরিবারে এখন শোকের মাতম।
সূত্র: প্রথম আলো

0 Comments