ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আগাম নির্বাচন এবং পার্লামেন্ট বিলুপ্ত করা সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। বুধবার অনুষ্ঠিত এই ভোটাভুটিতে বিলের পক্ষে ১১০ জন আইনপ্রণেতা ভোট দেন, যেখানে বিপক্ষে কোনো ভোট পড়েনি বলে জানিয়েছেন নেসেটের স্পিকার আমির ওহানা। তবে নিরাপত্তা সংক্রান্ত একটি জরুরি বৈঠকের কারণে ভোটাভুটির সময় উপস্থিত ছিলেন না দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এই বিল অনুমোদনের ফলে ইসরায়েলে আগাম নির্বাচনের পথ প্রশস্ত হলো। সাম্প্রতিক বিভিন্ন জরিপ অনুযায়ী, আগাম নির্বাচন অনুষ্ঠিত হলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার দল লিকুদ পার্টির পরাজিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি নির্ধারিত সময়ে নির্বাচন হলেও তাদের জয়ের আশা ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিলটি চূড়ান্ত আইনে পরিণত হওয়ার আগে আরও পর্যালোচনার প্রয়োজন হবে। দেশটিতে সর্বশেষ জাতীয় নির্বাচন হয়েছিল ২০২২ সালের মে মাসে এবং বর্তমান সংবিধান অনুযায়ী পরবর্তী নির্বাচন ২০২৬ সালের ২৭ অক্টোবর হওয়ার কথা ছিল। তবে নতুন বিল পাসের পর এখন আগাম নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের ধারণা, আগামী সেপ্টেম্বর নাগাদ এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
পার্লামেন্ট বিলুপ্তির প্রধান কারণ হিসেবে কট্টরপন্থি ইহুদি দলগুলোর দাবির বিষয়টি সামনে এসেছে। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র হওয়া সত্ত্বেও দলগুলো এখন নেতানিয়াহুকে জোট শরিক হিসেবে দেখতে নারাজ। মূলত জোটসঙ্গী ও সাধারণ ভোটারদের আস্থা হারানোর ফলেই এই রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। এ মুহূর্তে সরকার পতন হলে নতুন সরকার গঠন কঠিন হবে বিধায় জোটসঙ্গীরা এখনই লিকুদ পার্টির জোট ত্যাগ করছে না।
ইসরায়েলে আগাম নির্বাচনের বিল পাস হয়েছে। ১১০ জন আইনপ্রণেতার সমর্থনে পার্লামেন্ট বিলুপ্তির পথে। জরিপ বলছে, এই নির্বাচনে বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার দল।

0 Comments