র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আভিযানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৬৩টি নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ‘র্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ১২২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে এসব যানবাহন কেনা হবে। এর মধ্যে রয়েছে ৩টি জিপ, ১০০টি টহল পিকআপ এবং ৬০টি এসি মাইক্রোবাস। এসব গাড়ি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহ করা হবে। এ সংক্রান্ত প্রস্তাবটি গত ২৭ জানুয়ারি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগত অনুমোদন পেয়েছিল।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল অর্থ বিভাগের এক পরিপত্রের মাধ্যমে সব ধরনের যানবাহন ক্রয় বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং র্যাবের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিশেষ প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে। ২০১৮ সালের ৭ নভেম্বর একনেক থেকে অনুমোদিত এই প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে। বর্তমান সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) প্রকল্পটির অনুকূলে ১৬০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।
র্যাবের আভিযানিক সক্ষমতা বাড়াতে ১২২ কোটি টাকা ব্যয়ে ১৬৩টি গাড়ি কেনার অনুমোদন দিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব যানবাহন সংগ্রহ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

0 Comments