নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ন্যূনতম ১৭ আসনের সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস শিক্ষার্থী পরিবহন ছাড়া অন্যান্য ক্ষেত্রে আমদানিতে কিছু শর্তসাপেক্ষে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর ও অগ্রিম আয়কর অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে মূল্য সংযোজন কর বা ভ্যাট ১৫ শতাংশ বহাল থাকবে। এই সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে এবং এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বৈদ্যুতিক স্কুলবাস আমদানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক-কর পুরোপুরি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ৫ টন বা তার বেশি ধারণক্ষমতা সম্পন্ন ট্রাক আমদানির ক্ষেত্রেও একই ধরনের শুল্ক ছাড়ের সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
নতুন ইলেকট্রিক বাস ও ৫ টনের বেশি ধারণক্ষমতার ট্রাক আমদানিতে শুল্ক-কর ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বৈদ্যুতিক স্কুলবাস আমদানিতে সব শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

0 Comments