নওগাঁ সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে নওগাঁ সদর খাদ্যগুদামে এই অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম। জেলা খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর কৃষকদের কাছ থেকে ‘খাদ্যশস্য সংগ্রহ’ অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করা হচ্ছে। স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হবে এবং নির্বাচিত কৃষকরাই সরাসরি সরকারি গুদামে ধান সরবরাহ করতে পারবেন।
সদর খাদ্যগুদামের লক্ষ্যমাত্রা অনুযায়ী, প্রতি কেজি ৩৬ টাকা দরে ১ হাজার ৯৩৮ মেট্রিক টন ধান, ৪৯ টাকা দরে ২০ হাজার ৯১৯ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ১ হাজার ৮০৩ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। এছাড়া ৩৬ টাকা কেজি দরে ১২৯ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অভিযানের প্রথম দিনে ২ মেট্রিক টন ধান সংগৃহীত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মন্ডল এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ। এছাড়াও সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি আবদুল মোতালেব তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নওগাঁ সদরে শুরু হয়েছে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান। ডিজিটাল লটারির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে সরাসরি কৃষকদের কাছ থেকে এই খাদ্যশস্য কেনা হচ্ছে।

0 Comments