সরকার যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনীকে চাইবে, ততক্ষণ পর্যন্ত সেনাসদস্যরা মাঠে থেকে কাজ করে যাবেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাসে আয়োজিত সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ২০২৪ সালের ২০ জুলাই থেকে সেনাবাহিনী মাঠে নিয়োজিত রয়েছে। বর্তমানে সারা দেশের ৬২টি জেলায় ১৬ থেকে ১৭ হাজার সেনাসদস্য দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে অনেক সদস্যকে প্রত্যাহার করা হলেও পরিস্থিতি বিবেচনায় এখনো অনেকে মাঠে রয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, দ্রুততম সময়ের মধ্যে সব সদস্য ব্যারাকে ফিরে যেতে পারবেন। তবে দেশের প্রয়োজনে এবং সরকারের চাহিদা অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন ফুয়েল ডিপোসহ অন্যান্য ক্ষেত্রে সেনাবাহিনী সহায়তা দিয়ে যাবে।
জেনারেল ওয়াকার-উজ-জামান আরও উল্লেখ করেন, সেনাবাহিনীর প্রধান কাজ হলো সেনানিবাসে ফিরে নিয়মিত প্রশিক্ষণ ও যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা। দীর্ঘ সময় মাঠে থাকার পরও সৈনিকদের ফায়ারিং সক্ষমতা কমেনি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, এখন থেকে সেনাবাহিনীর নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রম ও শৃঙ্খলা রক্ষার কাজগুলো পুরোদমে শুরু করা হবে।
উল্লেখ্য, গত ১৬ মে ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। এতে সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন ও ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
সরকার যতক্ষণ চাইবে সেনাবাহিনী ততক্ষণ মাঠে কাজ করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। কুমিল্লা সেনানিবাসে ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

0 Comments