রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘দ্য কম্পাস ডায়ালগ’ শীর্ষক সংলাপে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের নেওয়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর) আয়োজিত এই অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে দেশে বিনিয়োগের ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোর ধীরগতিকে একটি বড় বাধা হিসেবে চিহ্নিত করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিনিয়োগকারীরা দ্রুত সমাধান চান, কিন্তু তা না হওয়ায় অনেক সময় নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হয় এবং তারা হতাশ হন।
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমলাতন্ত্রে গতি আনার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত আগ্রহী এবং প্রতিদিন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দিচ্ছেন। জ্বালানি খাতের সমস্যা মোকাবিলায় সরকার নবায়নযোগ্য জ্বালানি ও সোলার এনার্জির দিকে মনোযোগ দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া গ্যাস ও তেল উত্তোলনের কাজ শুরু হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিনিয়োগের পরিবেশ উন্নত করতে আমলাতন্ত্রে গতি আনার আশ্বাস দেন তিনি।

0 Comments