রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবস উপলক্ষে বিশাল সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। শুক্রবার বেলা আড়াইটার দিকে শুরু হওয়া এই সমাবেশকে কেন্দ্র করে ফকিরাপুল মোড় থেকে কাকরাইল পর্যন্ত পুরো এলাকা নেতা-কর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে। ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকায় ছেয়ে গেছে চারপাশ। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর ঢাকা মহানগরীতে আয়োজিত কোনো সমাবেশে এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম ভাষণ। ফলে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। সমাবেশে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতারা অংশ নিয়েছেন। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশের শুরুতে জাসাস শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সমাবেশস্থলে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। দীর্ঘ সময় পর নির্বিঘ্নে সমাবেশে যোগ দিতে পেরে সাধারণ নেতা-কর্মীদের মাঝে স্বস্তি ও আনন্দ লক্ষ্য করা গেছে।
নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিশাল সমাবেশ চলছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর ঢাকা মহানগরীতে এটিই তাঁর প্রথম ভাষণ।
সূত্র: প্রথম আলো

0 Comments