বাংলাদেশ নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক কিছু অবমাননাকর ও বিভ্রান্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সরকার। এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন কুমার ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অণু বিভাগ) ইশরাত জাহান ভারতীয় দূতকে ডেকে নিয়ে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করেন।
জানা গেছে, চলতি মাসের মাঝামাঝিতে এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং কথিত ‘পুশব্যাক’ বা অবৈধ অনুপ্রবেশকারী ফেরত পাঠানোর বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যথাযথ আইনি প্রক্রিয়ার বদলে রাতের অন্ধকারে সীমান্তরক্ষী বাহিনীর অনুপস্থিতিতে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। ঢাকা তার এই দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, তথ্যপ্রমাণহীন এ ধরনের স্পর্শকাতর বক্তব্য দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের সুসম্পর্কের জন্য সহায়ক নয়। যেকোনো অমীমাংসিত বিষয় আন্তর্জাতিক নিয়ম ও বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই সমাধান করা উচিত বলে মনে করে বাংলাদেশ। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করতে পারে এমন মন্তব্য থেকে ভারতীয় রাজনৈতিক নেতাদের বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে প্রতিবাদপত্রে।
বাংলাদেশ নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিতর্কিত মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। এ ঘটনায় ভারতীয় দূতকে তলব করে প্রতিবাদপত্র দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: প্রথম আলো

0 Comments