আদালতের নির্দেশ বারবার অমান্য করার অভিযোগে স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক (ডিজি) ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে সশরীরে তলব করেছে হাইকোর্ট। আগামী ১৯ মে তাকে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার এক আবেদনের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন জেলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে নিয়োগ পরীক্ষায় ২৫ জন প্রার্থী লিখিত ও চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেও তাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনুত্তীর্ণ দেখানো হয়। এর প্রেক্ষিতে ২০২১ সালে ভুক্তভোগীরা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। ২০২২ সালের ৯ মার্চ আদালত ওই ২৫ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়ে রিটটি নিষ্পত্তি করেন। রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করলেও চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ দেয়নি।
রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট ছিদ্দিকুল্লাহ মিয়া আদালতে তথ্য প্রমাণ উপস্থাপন করে জানান, পরীক্ষায় ৭৮ নম্বর পেয়েও একজন প্রার্থী নিয়োগ পাননি, অথচ ৫২ নম্বর পাওয়া প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করেও একজনকে জালিয়াতির মাধ্যমে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
আদালত ইতিপূর্বে ২৩ এপ্রিলের মধ্যে রিটকারীদের নিয়োগ প্রদানের চূড়ান্ত নির্দেশ দিলেও স্বাস্থ্য অধিদপ্তর তা কার্যকর করেনি। এমনকি সর্বশেষ শুনানির দিন অধিদপ্তরের কোনো প্রতিনিধিও উপস্থিত ছিলেন না। আদালতের আদেশ বারবার উপেক্ষা করায় আদালত অবমাননার দায়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের এই নির্দেশ দেওয়া হলো।
আদালতের নির্দেশ অমান্য করে নিয়োগ বঞ্চিত করার অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে সশরীরে তলব করেছে হাইকোর্ট। আগামী ১৯ মে তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
সূত্র: Sangbad

0 Comments