নেতানিয়াহুকে হত্যার হুমকি আইআরজিসির, অবস্থান নিয়ে ছড়াচ্ছে জল্পনা

সিবি ডেক্স: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ১৬তম দিনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, তিনি যদি এখনও জীবিত থাকেন তবে তাকে খুঁজে বের করে হত্যা করা হবে।

আইআরজিসির বিবৃতিতে নেতানিয়াহুকে ‘শিশুহত্যাকারী অপরাধী’ আখ্যা দিয়ে বলা হয়, তিনি জীবিত থাকলে পূর্ণ শক্তি দিয়ে তাকে খুঁজে বের করে হত্যা করা হবে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর অবস্থান নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। ১২ মার্চ প্রকাশিত একটি ভিডিওতে ৭৬ বছর বয়সী নেতানিয়াহুকে সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিতে দেখা যায়। এটি ছিল ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এর পর তার প্রথম সংবাদ সম্মেলন।

তবে ভিডিওটি নিয়ে বিতর্কও দেখা দিয়েছে। কিছু ব্যবহারকারী দাবি করেছেন, ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। এ কারণে অনেকেই ধারণা করছেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি হতে পারে।

ভিডিওতে নেতানিয়াহু ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হত্যার ইঙ্গিতপূর্ণ হুমকি দেন এবং ইরানের বিরুদ্ধে ইসরাইলি সামরিক অভিযানের পক্ষে বক্তব্য রাখেন। তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটে, যদিও শেষ পর্যন্ত তা ইরানের জনগণই ঘটাবে কিনা তা নিশ্চিত নয়।

এদিকে মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যানডেস উইংস সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন, ‘বিবি কোথায়?’—নেতানিয়াহুর ডাকনাম ব্যবহার করে। তিনি অভিযোগ করেন, নেতানিয়াহুর কার্যালয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভিডিও তৈরি করে প্রকাশ করছে এবং পরে তা মুছে দিচ্ছে।

তবে এসব গুজব নাকচ করেছে নেতানিয়াহুর কার্যালয়। আনাদোলু এজেন্সিকে দেওয়া প্রতিক্রিয়ায় তারা জানিয়েছে, প্রধানমন্ত্রী সুস্থ আছেন এবং এ ধরনের খবর ভুয়া। যদিও এ বিষয়ে এখনও বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

Post a Comment

0 Comments