ভয়াল ২৫ মার্চ আজ, গণহত্যা দিবসে শহীদদের স্মরণ করছে দেশ।

সিবি ডেক্স: আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালিদের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইনস, তৎকালীন ইপিআর সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী, শ্রমিক ও সাধারণ মানুষ নির্মম হত্যার শিকার হন। এই দিনটিকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করছে বাংলাদেশ।  

গণহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, ২৫ মার্চ জাতীয় জীবনের সবচেয়ে বেদনাবিধুর অধ্যায়। তিনি উল্লেখ করেন, এই গণহত্যার পর জাতি স্তব্ধ হয়ে পড়লেও চট্টগ্রামে ইস্টবেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহ এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে।  

রাষ্ট্রপতি আরও বলেন, তরুণ প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হতে হবে। তিনি দেশবাসীকে শহীদদের স্বপ্নের একটি মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।  

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে ২৫ মার্চের ঘটনাকে সুপরিকল্পিত গণহত্যা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই হত্যাযজ্ঞের মধ্য দিয়েই সশস্ত্র প্রতিরোধ ও দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধ শুরু হয়। স্বাধীনতার মূল্য উপলব্ধি করতে এই ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।  

গণহত্যা দিবস উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, স্মৃতিচারণা, মসজিদসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা আয়োজন করা হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গণহত্যা বিষয়ক আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন, ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে, যেখানে উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভাপতিত্ব করবেন।

Post a Comment

0 Comments