ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, উদ্বেগ বাড়াল আন্তর্জাতিক মহলে

সিবি ডেক্স: মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানের একটি গুরুত্বপূর্ণ পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং ইরান সরকার উভয়েই এই হামলার সত্যতা নিশ্চিত করেছে।

ইরানের বুশেহর শহরে অবস্থিত একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ‘বিস্ফোরকবাহী উড়ন্ত বস্তু’ আঘাত হানে। তবে হামলায় ব্যবহৃত বস্তুটি কী ছিল, তা নিশ্চিত করা হয়নি, যদিও এটি ড্রোন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আইএইএ জানিয়েছে, হামলায় বিদ্যুৎকেন্দ্রটির বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। তবে ঘটনাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

সংস্থাটির মহাপরিচালক পরমাণু স্থাপনায় হামলা বন্ধের জন্য জরুরি আহ্বান জানিয়ে সতর্ক করেছেন, এ ধরনের হামলা বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে, যা আঞ্চলিক বিপর্যয়ে রূপ নিতে পারে।

ইরান সরকার এ হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেছে, পরমাণু স্থাপনায় হামলা অত্যন্ত বিপজ্জনক এবং এর ফলে পরিবেশ, জনস্বাস্থ্য ও জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

বিশ্লেষকদের মতে, এ ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য নতুন ঝুঁকি তৈরি করেছে।

Post a Comment

0 Comments