কক্সবাজারের রামু উপজেলার সাতঘরিয়া পাড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতা। হুসনুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুই সেশনে আয়োজিত এ প্রতিযোগিতায় রামু উপজেলার ২০টি হেফজ প্রতিষ্ঠানের শতাধিক হিফজ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজকদের দাবি, এটিই রামু উপজেলার প্রথম আনুষ্ঠানিক হিফজুল কুরআন প্রতিযোগিতা। সাতঘরিয়া পাড়া গ্রামের হাফেজ ও মাওলানাদের উদ্যোগে গঠিত হুসনুল কুরআন ফাউন্ডেশন এই ব্যতিক্রমী আয়োজন বাস্তবায়ন করে।
প্রতিযোগিতাটি ০১–০৫ পারা ও ০১–১০ পারা—এই দুই ক্যাটাগরিতে ‘ক’ ও ‘খ’ গ্রুপে অনুষ্ঠিত হয়। ০১–০৫ পারা (ক গ্রুপ) বিভাগে প্রথম স্থান অর্জন করেন ওমর বিন নিয়ামত, দ্বিতীয় হন মোহাম্মদ সিফাত এবং তৃতীয় স্থান অর্জন করেন জিয়াউল ওয়াহিদ।
অন্যদিকে ০১–১০ পারা (খ গ্রুপ) বিভাগে প্রথম হন সুলাইমান নূর, দ্বিতীয় স্থান অর্জন করেন মিসবাহ উদ্দিন এবং তৃতীয় হন মুজাহিদুল ইসলাম।
প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা হাফেজ আমিরুল ইসলাম (হারবাং, চকরিয়া)। দ্বিতীয় বিচারক ছিলেন মাওলানা হাফেজ জাহেদুল ইসলাম চৌধুরী (তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা, চকরিয়া)।
হুসনুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা মুফতি হোসাইন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ছলিম উল্লাহ, মাওলানা মো. হারুন, জাকের উল্লাহ, ডা. শফিকুল ইসলাম, মাওলানা মুফতি আনোয়ারুল হকসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে প্রতিযোগিতাটি উপভোগ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে সনদ, ক্রেস্ট, অ্যাওয়ার্ড ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন। ব্যতিক্রমী এ আয়োজন ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
0 Comments