রংপুরে লাঙলের ভরাডুবি, প্রতীক রেখে ‘জানাজা’ ছবি ভাইরাল

সিবি ডেক্স: জাতীয় পার্টির (জাপা) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরে এবারের নির্বাচনে একটিও আসন পায়নি দলটি। সারা দেশে ১৯৬টি আসনে প্রার্থী দিলেও কোথাও জয় পায়নি লাঙল প্রতীকের প্রার্থীরা, যা দলটির চার দশকের ইতিহাসে সবচেয়ে বড় ভরাডুবি হিসেবে দেখা হচ্ছে।

লাঙলের এই পরাজয়কে ঘিরে রংপুরজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিস্তর আলোচনা। এর মধ্যেই একটি ছবি দ্রুত ছড়িয়ে পড়ে, যেখানে একটি লাঙল সামনে রেখে তার জানাজা পড়ার দৃশ্য দেখা যায়। কয়েকটি ফেসবুক পেইজ ছবিটি শেয়ার করে দাবি করেছে, রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙলের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বিষয়টি সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, দলটির চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ (সিটি করপোরেশন ও সদর) আসনে তৃতীয় হয়েছেন। একইভাবে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনেও তৃতীয় স্থান পেয়েছেন।

দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদএর বাড়ি রংপুর শহরে হওয়ায় এই অঞ্চলে লাঙলের বড় ভোটব্যাংক ছিল। তবে এবারের নির্বাচনে এ আসনে বিজয়ী হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী।

Post a Comment

0 Comments