সিবি ডেক্স: বিএনপিকে নির্বাচনে বিজয়ী করার জন্য দেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেছেন, এই বিজয় গণতন্ত্র, বাংলাদেশ এবং গণতন্ত্রকামী মানুষের বিজয়। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর InterContinental Dhaka-এ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দেড় দশকের বেশি সময় পর দেশে পুনরায় সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি বলেন, নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশের গণতন্ত্রের পথ সুগম করা হয়েছে এবং ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়েই নতুন যাত্রা শুরু করতে হবে। ভবিষ্যতে কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সে জন্য জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিএনপি চেয়ারম্যান জানান, নির্বাচনে অংশ নেওয়া জামায়াতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দলকে তিনি অভিনন্দন জানিয়েছেন। তার মতে, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলগুলোই গণতন্ত্রের বাতিঘর; সরকার ও বিরোধীদল দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। দেশের স্বার্থে মতপার্থক্য থাকলেও জাতীয় ঐক্যকে শক্তি হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।