Recents in Beach

ব্রেকিং নিউজ

নভেম্বর থেকে সেন্টমার্টিন খুলছে পর্যটকদের জন্য

সিবি ডেক্স: দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।

তিনি বলেন, প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ পাবেন এবং এই কার্যক্রম চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে শুধুমাত্র জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পর্যটকদের দ্বীপে রাতযাপনের অনুমতি দেওয়া হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৯ মাস দ্বীপে পর্যটন কার্যক্রম বন্ধ থাকবে। দ্বীপের নাজুক পরিবেশ রক্ষায় এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও জানান সচিব।

যদিও স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা সময়সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্রমণের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছিলেন, তবে সরকারের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি।

কক্সবাজার থেকে প্রায় ৬ ঘণ্টার সমুদ্রযাত্রা শেষে সেন্টমার্টিনে পৌঁছানো যায়। সাগরের স্বচ্ছ নীল জলরাশি, সাদা বালুকাবেলা ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এ দ্বীপ দীর্ঘদিন ধরে পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়।

Post a Comment

0 Comments