মহান বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর মাসে মাসব্যাপী বিজয় উৎসব উদযাপনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনটি জানিয়েছে, মুক্তিযুদ্ধে জনগণের আকাঙ্ক্ষা এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের বিষয়গুলো তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত আরিফ এবং লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মানিক। সভাপতি সৈকত আরিফ তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের সময় এ দেশের মানুষ যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে ছড়িয়ে দিতেই মাসব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের তৈরি করা একমুখী বয়ানের বাইরে মুক্তিযুদ্ধের প্রকৃত জনআকাঙ্ক্ষা তাঁরা সামনে আনতে চান। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নানা ধরনের সহিংসতা চালাচ্ছে। এই ধরনের সহিংসতা রোধ করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার দাবি জানান ছাত্র ফেডারেশনের এই নেতা। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিজয়ের মাসের প্রথম প্রহরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে উৎসবের সূচনা করা হবে। এ ছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি আলোচনা সভা, তিনটি চলচ্চিত্র প্রদর্শনী, রচনা ও কুইজ প্রতিযোগিতা, উন্মুক্ত ক্যানভাস এবং মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যার চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, বিজয় কনসার্ট আয়োজন এবং শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে শ্রদ্ধা জানানোর কর্মসূচি রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মহব্বত হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক আরমানুল হক ও আল-আমিন রহমান, দপ্তর সম্পাদক তুহিন ফরাজী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়াসহ অন্যান্য কেন্দ্রীয় ও শাখা নেতারা।
মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী বিজয় উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।


0 Comments