দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তি দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। লন্ডনে এনসিপির সভাপতি নাহিদ ইসলামের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি জানান, ফ্যাসিস্টরা প্রতিনিয়ত দেশের বাইরেও বর্বরোচিত আচরণ চালিয়ে যাচ্ছে এবং কার্যক্রম নিষিদ্ধ এই গোষ্ঠী মূলত একটি সন্ত্রাসী দল। পলাতক নেত্রীর নির্দেশে এই চক্রটি জনগণের ঘরবাড়িতে আগুন দেওয়া ও মানুষ হত্যার তালিকা প্রস্তুতের চক্রান্ত করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি সংসদে প্রতিনিধিত্বকারী এবং সংসদের বাইরের সব রাজনৈতিক দলকে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামাল ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার বক্তব্য শেষে অধিবেশন সমাপ্ত হয়। এ সময় প্রধানমন্ত্রী ১২ ফেব্রুয়ারি সরকার গঠনের পর থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ডসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
দেশের গণতন্ত্র রক্ষায় গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


0 Comments