মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার সংবাদ প্রকাশের জেরে দৈনিক খোলা কাগজের জেলা স্টাফ রিপোর্টার মো. এহসানুল হক ওরফে এহসান বিন মুজাহিরসহ কয়েকজন গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ২৫ অক্টোবর সিলেট সাইবার সিকিউরিটি ট্রাইব্যুনালে এই মামলাটি দায়ের করেন ওই উপজেলার সদ্য বদলিকৃত সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। মামলা নম্বর ২১২/২৬। মামলায় প্রধান আসামি করা হয়েছে দৈনিক জনবাণীর মৌলভীবাজার প্রতিনিধি মঞ্জু বিজয় চৌধুরীকে এবং সাংবাদিক এহসানুল হককে করা হয়েছে ৩ নম্বর আসামি। মামলার অন্যান্য আসামিরা হলেন মোজাহিদুল ইসলাম, ‘জেন জেড শ্রীমঙ্গল’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজ এবং প্রবাসী আমির আলী। এজাহারে আসামিদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো এবং পোস্ট মুছে দেওয়ার বিনিময়ে অর্থ দাবির অভিযোগ আনা হয়েছে। সাংবাদিক এহসানুল হক দাবি করেছেন, হাসপাতালের নানামুখী অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ এবং তথ্য অধিকার আইনে নির্দিষ্ট বিষয়ে তথ্য চাওয়ায় ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন এই মামলা করা হয়েছে। অন্যদিকে, মামলার প্রধান আসামি মঞ্জু বিজয় চৌধুরী ও মোজাহিদুল ইসলাম এই অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাদের ভাষ্যমতে, হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তের দাবি তোলায় তাদের হয়রানি করার জন্য এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে হয়রানিমূলক এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
শ্রীমঙ্গলে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। এর প্রতিবাদে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।


0 Comments