রাজধানীর পল্লবীতে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে মো. রমজান নামের এক কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মিরপুর-১১ নম্বরের চলন্তিকা মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এজেআর কুরিয়ার সার্ভিসের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (নিরীক্ষা) আফসার উদ্দিন সুজন জানান, মুখোশ পরা এক ব্যক্তি এসে রাত সাড়ে আটটা থেকে আটটা চল্লিশ মিনিটের মধ্যে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে তাঁদের এক কর্মী আহত হন এবং তাঁকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, আগেও এজেআর কুরিয়ার সার্ভিসের প্রধান শাখায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বর্তমান ঘটনার সঙ্গে সেটির যোগসূত্র থাকতে পারে কি না, তা পুলিশ খতিয়ে দেখছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এর আগে গত ২০ অক্টোবর হাজারীবাগে প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ৩১ লাখ টাকার পণ্য লুটের ঘটনা ঘটেছিল। প্রতিষ্ঠানটির অভিযোগ, হামলাকারীরা নিজেদের শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের লোক পরিচয় দিয়ে জমির ভাড়া তাঁকে দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং মামলার বাদীকেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এরপর ২৫ অক্টোবর গুদামে আগুন দেওয়ার চেষ্টা ও এক কর্মীকে মারধর করা হয়। এছাড়া গত ৩১ অক্টোবর রাতে রাজধানীর মেয়র হানিফ উড়ালসড়কের টোল প্লাজা, মৎস্য ভবন ও রায়েরবাগ এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।
রাজধানীর পল্লবীতে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে এক কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার রাতে মিরপুর-১১ নম্বরের চলন্তিকা মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।


0 Comments