ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

পাসপোর্টের কথা ভুলে যান, আপনার জন্য খাঁচা তৈরি আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

পাসপোর্টের কথা ভুলে যান, আপনার জন্য খাঁচা তৈরি আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে নতুন পাসপোর্টের চিন্তা বাদ দেওয়ার পরামর্শ দিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, তার জন্য তৈরি করা খাঁচা প্রস্তুত রয়েছে। সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ওই পোস্টে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, পাসপোর্টের কোনো প্রয়োজন নেই এবং কোনো বিমানেরও দরকার হবে না, কারণ ইতোমধ্যে তার জন্য একটি খাঁচা বুক করা এবং প্রস্তুত রাখা হয়েছে। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করেছেন। তার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এই আবেদন সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর এটিই বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে তার প্রথম আনুষ্ঠানিক আবেদন বলে রয়টার্স জানায়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার আইনজীবীরা তার নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানিয়েছেন। তাদের দাবি অনুযায়ী, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি ডিসেম্বরে দেশে ফিরতে ইচ্ছুক। তবে গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করার কোনো প্রয়োজন নেই। দুই দেশের মধ্যকার বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া গত ৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, বন্দি প্রত্যর্পণ চুক্তির অধীনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।

সংক্ষেপে:
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে খাঁচা তৈরি রয়েছে বলে মন্তব্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
পাসপোর্টের কথা ভুলে যান, আপনার জন্য খাঁচা তৈরি আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

0 Comments