জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে টুঙ্গিপাড়া লিমিটেড বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, ভিডিও ও ছবি দেখে প্রতিটি নাশকতাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, হামলাকারীরা কেবল থানায় নয়, বরং সংসদ সদস্য এবং বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটেও ভাঙচুর চালিয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে ১৪৭ বিধিতে গার্মেন্টসে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনার সময় এই প্রসঙ্গগুলো উঠে আসে। এই আলোচনার মধ্যেই টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের পক্ষ থেকে থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানির বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। পরবর্তীতে গোপালগঞ্জ ইস্যু নিয়েও সংসদে আলোচনা হয়। বর্তমান প্রশাসন ধৈর্য ধারণের নীতি অনুসরণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ চায় সরকার তাদের পন্থায় রাজপথে গুলি চালিয়ে সাধারণ মানুষ হত্যা করুক। কিন্তু এটি একটি গণতান্ত্রিক সরকার এবং জনগণ রাজপথে আন্দোলনকারীদের ওপর আর কোনো রক্তপাত দেখতে চায় না। তবে থানায় হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা আগুন ও গুলি চালানোর নির্দেশ দিচ্ছে, সেগুলোর ভিডিও প্রমাণ রয়েছে। কিন্তু সরকার ফ্যাসিবাদী শক্তির কায়দায় সাধারণ মানুষের ওপর গুলি চালাতে চায় না। প্রয়োজনে কিছুদিন ধৈর্য ধরা হবে, তবুও কোনো নিরপরাধ মানুষকে গুলিবিদ্ধ করা হবে না। গোপালগঞ্জের নাশকতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার চাইলে তাৎক্ষণিকভাবে এর জবাব দিতে পারত, কিন্তু রক্তপাত এড়াতেই সেই পদক্ষেপ নেওয়া হয়নি। শেখ হাসিনার বিষয়ে তিনি বলেন, মাঝে মাঝে বিভিন্ন কথা বলা হলেও প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনা উচিত। এছাড়া লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর হামলার তীব্র নিন্দা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, শ্রমিকদের মজুরি বৃদ্ধির যুক্তিসংগত দাবির পর সরকার মজুরি বোর্ড গঠন করেছে এবং এই দাবির পক্ষে সরকার সম্পূর্ণ একমত। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশেও পড়েছে উল্লেখ করে তিনি মালিক পক্ষকে শ্রমিকদের সঠিক জীবনযাত্রা এবং মালিকদের টিকে থাকার বিষয়টি মাথায় রেখে যৌক্তিক মজুরি নির্ধারণের আহ্বান জানান।
ভিডিও ও ছবি দেখে প্রতিটি নাশকতাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


0 Comments