ঢাকার বাজারে শীতকালীন সবজির উপস্থিতি শুরু হলেও ক্রেতাদের স্বস্তি মিলছে না। সরবরাহ ও চাহিদা বাড়লেও পণ্যের দাম আগের উচ্চ পর্যায়েই রয়েছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি নতুন আলু ১৪০ থেকে ১৬০ টাকা এবং পুরোনো আলু ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঁচা মরিচ ১২০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, লম্বা বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, শিম প্রকারভেদে ৮০ থেকে ১২০ টাকা, শসা ১০০ টাকা এবং গাজর ১০০ টাকা কেজি দরে বিকোচ্ছে। আকারভেদে ফুলকপির কেজি ৫০ থেকে ৮০ টাকা এবং ঝিঙে, পটল, চিচিঙ্গা, ঢেঁড়স ও মূলা প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারেও স্বস্তি ফেরেনি। রুই মাছ ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া কাতলা মাছ ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ইলিশ মাছ সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। প্রতি কেজি ইলিশ ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং বড় আকারের ইলিশের দাম ২ হাজার ৬০০ টাকা ছাড়িয়েছে। ডিমেও কোনো স্বস্তি নেই। প্রতি ডজন লাল ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারেও দাম অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের তথ্য অনুযায়ী, আগের সপ্তাহের তুলনায় এসব পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। বিক্রেতাদের দাবি, বাজারে এখনো পর্যাপ্ত নতুন সবজি আসেনি। পর্যাপ্ত নতুন সবজি এলে এবং বাজারে একই সবজির বিভিন্ন ধরনের সরবরাহ বাড়লে আরও এক সপ্তাহ পর দাম কিছুটা কমতে পারে।
ঢাকার বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করলেও কমেনি দাম। মাছ, মাংস ও ডিমের বাজারও আগের চড়া দামেই স্থির রয়েছে।


0 Comments