কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের প্রস্তুতিকালে তিন কিশোর-কিশোরীসহ ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ লম্বরীর নৌ-ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যায় একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখলে বিজিবি ধাওয়া করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারচক্রের ১০ থেকে ১৫ জন সদস্য নৌকায় করে সাগরের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন রোহিঙ্গা ক্যাম্পের এবং বাকিরা কক্সবাজার সদর, চকরিয়া, মহেশখালী ও উখিয়া উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা জানিয়েছেন, তাদেরকে জোরপূর্বক পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় এনে জড়ো করা হয়েছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এই বিষয়ে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে তাদের অবস্থান অত্যন্ত কঠোর। সীমান্ত ও উপকূলীয় অঞ্চলে মানব পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রাখা হবে এবং পাচারকারীদের দমনে অভিযান আরও জোরদার করা হবে।
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে তিন কিশোর-কিশোরীসহ ৯ জনকে উদ্ধার করেছে বিজিবি।


0 Comments