নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় এই হামলা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে একটি প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের মারধর করে এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহিন (৪৫), জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫) এবং কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমানসহ (৪২) কয়েকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে প্রথমে সোহেল মোল্লা এবং পরবর্তীতে মো. শাহিনের মৃত্যু হয়। এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলায় কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


0 Comments