সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর প্রধান কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। গত মঙ্গলবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে আরামকোর সদর দপ্তরের একটি প্রশাসনিক ভবনে এই হামলার ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ভবনটির কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন ধরে যায়। ইরান-সমর্থিত গোষ্ঠীটি জানিয়েছে, ধাহরানের আরামকো স্থাপনাসহ সৌদি আরবের কয়েকটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সৌদি বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করে আরও হামলার হুমকি দিয়েছে তারা। এদিকে আরামকোর সদর দপ্তরে হামলা এবং মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৯১ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৬ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে। সুইজারল্যান্ডভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্তাউনোভো জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং সৌদি-হুতি সংঘাত তেলের দাম বাড়াতে ভূমিকা রাখছে। অন্যদিকে হুতিরা জানিয়েছে, ধাহরানের পাশাপাশি রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর ও রাজধানীর একটি আরামকো শোধনাগারেও হামলা চালানো হয়েছে। গত এক সপ্তাহে কিং খালেদ বিমানবন্দর চারবার হামলার মুখে পড়েছে। এর মধ্যে গত শনিবারের হামলায় ১৩ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হন। বিমানবন্দরটি আগামী শনিবার পর্যন্ত বন্ধ রেখেছে সৌদি কর্তৃপক্ষ। নিরাপত্তা ও গোয়েন্দা বিশ্লেষক নওয়াফ ওবায়েদ আল-জাজিরাকে বলেছেন, আকাশপথে হামলা বাড়লেও সৌদি নেতৃত্বাধীন জোটের প্রকৃত স্থলযুদ্ধ এখনো শুরু হয়নি। একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনায় এই হামলার ফলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনীতি বৈচিত্র্যকরণ প্রকল্পের ওপর নতুন চাপ তৈরি হয়েছে।
সৌদির আরামকো তেল কোম্পানির সদর দপ্তরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০৬ ডলার ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

0 Comments