আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়ম দেখবে, সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি স্পষ্ট করে বলেন, সরকার কোনো ধরনের অন্যায়কে ছাড় দেবে না এবং অপরাধীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শনিবার (৩ অক্টোবর) সকালে টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সকলে মিলে সম্মিলিতভাবে পরিস্থিতির উন্নয়ন ঘটানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর আগে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব। মাদকের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ অবস্থান নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক প্রবেশ করিয়ে দেশের যুবসমাজকে ধ্বংস করার পাঁয়তারা চলছে। রাজনৈতিক নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী জানান, মাদকের ঘটনায় কোনো ধরনের তদবির বরদাস্ত করা হবে না। এছাড়া পুলিশ বাহিনীর মধ্যেও কেউ মাদকসংশ্লিষ্ট কার্যক্রমে জড়ালে তাদের বিরুদ্ধেও সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। তিনি সমাজ থেকে মাদক দূর করতে এটিকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন। টাঙ্গাইল পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম মিঞা, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার এবিএম সিদ্দিক, সরকারি পুলিশ সুপার নিজাম উদ্দিন, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। কাবাডি প্রতিযোগিতা শেষে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
-6ac0bbcd8325f.webp)

0 Comments