ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশ নিতে গ্র্যাজুয়েটদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপাচার্যের অফিসসংলগ্ন সভাকক্ষে এই সভা আয়োজিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় গ্র্যাজুয়েটদের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া, তথ্য যাচাই বা ভেরিফিকেশন এবং ফি পরিশোধের পদ্ধতি সহজ ও সুশৃঙ্খল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় রেজিস্ট্রেশনের বিভিন্ন ধাপ, তথ্য যাচাইয়ের পদ্ধতি ও পেমেন্ট ব্যবস্থাপনা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সমাবর্তনের সব কারিগরি প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়ে বলেন, গ্র্যাজুয়েটরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সেজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে পারস্পরিক সমন্বয় জোরদার করতে হবে। আগামী পহেলা নভেম্বর ২০২৬ রবিবার সকাল আটটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://convocation.du.ac.bd এর মাধ্যমে আগামী ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইনে এই আবেদন প্রক্রিয়া মোট চার ধাপে সম্পন্ন করতে হবে। আবেদনকারীকে আগামী ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবশ্যিকভাবে প্রথম ধাপ সম্পন্ন করতে হবে এবং আগামী ২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে পেমেন্ট প্রক্রিয়া শেষ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ১ নভেম্বর। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। বিস্তারিত জানতে সম্পূর্ণ সংবাদটি পড়ুন।


0 Comments