বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার চাপ ও মানসিক সংকট ফুটিয়ে তুলতে প্রদর্শিত হয়েছে অল ইজ ওয়েল নামের একটি পথনাটক। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের পায়রা চত্বরে নাটকটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ। পড়াশোনার চাপ, পরিবার ও সমাজের প্রত্যাশা এবং ভবিষ্যৎ পেশাজীবন নিয়ে অনিশ্চয়তা নাটকে ফুটিয়ে তোলা হয়। আয়োজকদের মতে, মানসিক সংকটে পেশাদার সহায়তা গ্রহণকে স্বাভাবিক হিসেবে দেখা এবং বন্ধু, সহপাঠী ও প্রিয়জনদের জন্য নিরাপদ, সহমর্মী ও বিচারহীন পরিবেশ তৈরির গুরুত্ব তুলে ধরাই ছিল এই আয়োজনের লক্ষ্য। নাটকটির নির্দেশক মুবাশ্বির মাহমুদ জানান, সমাজের মানসিক স্বাস্থ্যসংক্রান্ত ভুল ধারণা ও অসংবেদনশীলতাকে প্রশ্নবিদ্ধ করা এবং সংকটে থাকা মানুষকে বিচ্ছিন্ন না করে পাশে দাঁড়িয়ে সহমর্মিতা জানানোই তাদের মূল বার্তা। অন্যদিকে দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তর এবং এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের যৌথ উদ্যোগে টিএসসির পায়রা চত্বরে দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক মেহজাবীন হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসিক চাপ ও সংকট নিয়ে প্রদর্শিত হয়েছে পথনাটক অল ইজ ওয়েল।


0 Comments