প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ ও অর্জন কিছু ব্যক্তির বিতর্কিত কর্মকাণ্ডের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার ৫ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই তিনি এসব কথা বলেন। ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রীর চারপাশে এমন কিছু মানুষ রয়েছেন যাদের আচরণ ও কর্মকাণ্ড সরকারের সাফল্যকে আড়াল করে দিচ্ছে। দল ও সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীকে আরও সতর্ক থাকার আহ্বান জানান। মির্জা আব্বাসের মতে, প্রধানমন্ত্রী অত্যন্ত উদার মনের মানুষ হলেও সব পরিস্থিতিতে সবাইকে একইভাবে মূল্যায়ন করা সম্ভব নয়। অনেক নেতা-কর্মী সামনে প্রশংসা করলেও বাইরে গিয়ে ভিন্ন আচরণ করেন বলে তিনি অভিযোগ করেন। এ সময় তিনি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ওপর গুরুত্বারোপ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে আনেন। মির্জা আব্বাস বলেন, কিছু মানুষের নেতিবাচক বক্তব্যের কারণে প্রধানমন্ত্রীর অনেক প্রশংসনীয় কাজ যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। তাই এ বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বক্তব্যের শেষে আবেগাপ্লুত হয়ে তিনি দলের প্রতি তার দীর্ঘদিনের দায়বদ্ধতার কথা তুলে ধরেন এবং নেতা-কর্মীদের সঠিক তথ্য নেতৃত্বের সামনে তুলে ধরার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চারপাশের কিছু ব্যক্তির কর্মকাণ্ডে সরকারের সাফল্য ম্লান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। ষড়যন্ত্র মোকাবিলায় তিনি প্রধানমন্ত্রীকে আরও সতর্ক থাকার আহ্বান জানান।


0 Comments