দায়িত্ব পালনে আরও বেশি সক্রিয় ও জবাবদিহিমূলক হওয়ার কঠোর নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী ৩১ ডিসেম্বরের আগেই পুলিশ বাহিনীতে দৃশ্যমান পরিবর্তন নিশ্চিত করতে হবে। গত শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তাগিদ দেন। অনুষ্ঠানে কাজের মূল্যায়ন ও শাস্তির বিষয়ে স্পষ্ট নীতি ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে পুরস্কার ও শাস্তির বিধান কার্যকর থাকবে। ভালো কাজের জন্য যেমন স্বীকৃতি ও পুরস্কার মিলবে, তেমনই দায়িত্ব পালনে ব্যর্থতা, শৃঙ্খলাভঙ্গ বা অপরাধমূলক কাজের সঙ্গে জড়ালে কেবল বিভাগীয় ব্যবস্থাই নয়, বরং ফৌজদারি আইনে মামলা ও বিচার প্রক্রিয়াও পরিচালনা করা হবে। অতীতের রাজনৈতিক ব্যবহারের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, অতীতে অনেক সদস্যকে অবৈধ আদেশ মানতে বাধ্য করা হলেও এখন নিজেদের শুধরে নেওয়ার সুযোগ রয়েছে। কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা অধস্তন সদস্য যেন জনগণের কাছে অগ্রহণযোগ্য বা সমাজে অস্বস্তি তৈরি করে এমন কর্মকাণ্ডে লিপ্ত বা আশ্রয়দাতা না হন, সে বিষয়েও সতর্ক করেন তিনি। সৎভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে ভুলত্রুটি সংশোধনের সুযোগ থাকবে বলে জানান মন্ত্রী। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে পুলিশকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল, আধুনিক সরঞ্জাম ও লজিস্টিক সুবিধা বাড়ানোর আশ্বাস দেন। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত সাত মাসে বিভিন্ন সংস্কারের মাধ্যমে পুলিশের জনআস্থা ও ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম এবং মঞ্চে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি একেএম আওলাদ হোসেন।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ বাহিনীতে দৃশ্যমান পরিবর্তন আনার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দায়িত্ব পালনে ব্যর্থতা বা অপরাধে জড়ালে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইনেও বিচার করা হবে।


0 Comments