কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. কামাল (৩৩) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যায় বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। আটক কামাল উখিয়ার বালুখালী জমিদারপাড়া এলাকার কবির আহমেদের ছেলে। উখিয়া ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী কাটাপাহাড় শাহজাহানের ঘের এলাকায় অবস্থান নেন। এ সময় মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা কালো পলিথিনের ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো চারটি কার্টন থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
বিজিবির দাবি অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহনের কথা স্বীকার করেছেন। এদিকে স্থানীয় সূত্রগুলো দাবি করেছে, আটক কামাল পালংখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফোরকান চৌধুরীর চাচাতো ভাই। অভিযানের সময় ফোরকান চৌধুরীর এক ভাই পালিয়ে গেছেন বলেও স্থানীয়ভাবে দাবি করা হলেও বিজিবির বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। এ বিষয়ে ফোরকান চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মাদক সরবরাহকারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
কক্সবাজারের বালুখালী সীমান্তে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. কামাল নামের এক যুবককে আটক করেছে বিজিবি। জব্দকৃত মাদক মিয়ানমার থেকে আনা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


0 Comments