ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

নিরাপত্তা জোরদারে নওগাঁয় এআই কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাবের যাত্রা শুরু

নিরাপত্তা জোরদারে নওগাঁয় এআই কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাবের যাত্রা শুরু

নওগাঁ শহরে অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে ‘এআই কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয় চত্বরে আয়োজিত এক সমাবেশে এই ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বিএনপি নেতা মামুনুর রহমান রিপন, বায়েজিদ হোসেন পলাশসহ বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, শহরকে নিরাপদ রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৬৪টি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) সম্বলিত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পৌর এলাকায় এই কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে পুরো জেলাকে এই নিরাপত্তা বলয়ের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ তার বক্তব্যে বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করা হচ্ছে। লজিস্টিক সীমাবদ্ধতা সত্ত্বেও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশ বদ্ধপরিকর। তিনি মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেন, মাদকের গডফাদার বা পুলিশের কোনো সদস্য এতে জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না। এছাড়া ইভটিজিং প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, অপরাধীদের কৌশল পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকেও আধুনিক হতে হবে। এই প্রযুক্তিনির্ভর উদ্যোগের ফলে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারবে এবং অপরাধীদের দৌরাত্ম্য কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংক্ষেপে:
নওগাঁয় অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে এআই কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব উদ্বোধন করা হয়েছে। শহরজুড়ে ৬৪টি এআই ক্যামেরা স্থাপনের মাধ্যমে গড়ে তোলা হয়েছে আধুনিক নিরাপত্তা বলয়।
নিরাপত্তা জোরদারে নওগাঁয় এআই কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাবের যাত্রা শুরু

0 Comments