ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ৭৩তম মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতা। বিশ্বের ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের বিশ্বসুন্দরীর মুকুট জয় করেছেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। গত বছরের বিজয়ী থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি তাকে মুকুট পরিয়ে দেন। চূড়ান্ত পর্বে বিচারকদের প্রশ্নের উত্তরে জোহেইরি তার ‘ভয়েস অব টুমোরো’ প্রকল্পের কথা তুলে ধরেন। সুবিধাবঞ্চিত শিশুদের ইংরেজি শেখানোর মাধ্যমে তাদের জন্য বৈশ্বিক সুযোগ তৈরি করাই তার এই উদ্যোগের লক্ষ্য। জোহেইরি মোলা পেশায় একজন শিক্ষক ও সাংবাদিক। তিনি বিজনেস ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি ইংরেজি সাহিত্য ও সমাজবিজ্ঞান পড়ানোর পাশাপাশি নিউইয়র্কের ‘ইউনিভিশন’ সংবাদপত্রে সংবাদদাতা হিসেবে কাজ করছেন। এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানারআপের খেতাব জিতেছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি। এখন থেকে আন্তর্জাতিক পর্যায়ে মিস ওয়ার্ল্ড সংস্থার বিভিন্ন জনকল্যাণমূলক কাজের প্রতিনিধিত্ব করবেন নতুন এই বিশ্বসুন্দরী।
ভিয়েতনামে অনুষ্ঠিত ৭৩তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিশ্বসুন্দরী হলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা এই শিক্ষক ও সাংবাদিক এখন বিশ্বমঞ্চে জনকল্যাণমূলক কাজের প্রতিনিধিত্ব করবেন।


0 Comments