দেশের সব ধর্ম ও মতাদর্শের মানুষ যাতে নিজ নিজ অবস্থান থেকে কথা বলতে পারেন, সরকার সেই লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। রোববার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এখানকার অধিকাংশ মানুষই ধর্মপ্রাণ। প্রত্যেক ধর্মের অনুসারীরা যদি নিজ নিজ ধর্মগ্রন্থের আদর্শ ধারণ ও অনুসরণ করেন, তবে দেশে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।
মন্ত্রণালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ধর্মীয় মূল্যবোধকে অত্যন্ত সম্মান করতেন। তিনি মনে করেন, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার কারণেই বিএনপি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।
নিজের নিয়োগ নিয়ে একটি সংগঠনের বিবৃতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম কায়সার বলেন, কোনো নিয়োগই সবার কাছে শতভাগ গ্রহণযোগ্য নাও হতে পারে। তথ্যের ঘাটতি বা ভুল ব্যাখ্যার কারণে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়। তবে আলোচনার মাধ্যমে এসব ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব।
তিনি আরও জানান, সম্প্রতি তিনি জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা পরিদর্শন করেছেন এবং জমিয়তে উলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলামী বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে কথা বলেছেন। তারা তাকে স্বাগত জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। প্রতিমন্ত্রী আরও জানান, শুধু ইসলাম নয়, সব ধর্মের ধর্মীয় গুরুদের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করবেন এবং বিদ্যমান সব বিভ্রান্তি দূর করার উদ্যোগ নেবেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সব ধর্ম ও মতের মানুষের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।


0 Comments