কুড়িগ্রামের রৌমারীতে মাদকের ভয়াবহ বিস্তার ঠেকাতে একজোট হয়েছে তিন গ্রামের মানুষ। উপজেলার মন্ডলপাড়া, সবুজপাড়া ও নবদাস পাড়ার বাসিন্দাদের সমন্বয়ে একটি মাদকবিরোধী যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ১০টার দিকে মন্ডলপাড়া হাফিজিয়া মাদ্রাসার সামনে আয়োজিত এই সভায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তিন স্তরবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিতে প্রবীণদের উপদেষ্টা, মধ্যবয়সীদের মূল কমিটি এবং তরুণদের কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে।
সভায় মন্ডলপাড়ার সোহরাব হোসেনকে সভাপতি, সবুজপাড়ার আতিকুর রহমান সুমনকে সাধারণ সম্পাদক এবং নবদাস পাড়ার শ্রী রতন চন্দ্র দাসকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। মমিনুল ইসলাম মুলু ডাক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম লাল মিয়া, জাসাস নেতা আতিকুর রহমান সুমন এবং রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজাসহ স্থানীয় সাংবাদিক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির নেতারা জানান, মাদকের কারণে এলাকার ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকির মুখে পড়ছে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর ওপর শুধু নির্ভর না করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী এই সামাজিক উদ্যোগের প্রশংসা করে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
কুড়িগ্রামের রৌমারীতে মাদকের বিস্তার রোধে তিন গ্রামের সমন্বয়ে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে। মন্ডলপাড়া হাফিজিয়া মাদ্রাসার সামনে অনুষ্ঠিত সভায় তরুণ ও প্রবীণদের সমন্বয়ে এই সামাজিক উদ্যোগ নেওয়া হয়।


0 Comments