বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। গত ২ জুলাই অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের হাতে ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের এমসিকিউ প্রশ্ন ও উত্তরপত্র তুলে দেওয়া হয়েছিল। চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক গঠিত দুই সদস্যের তদন্ত কমিটি বিষয়টি যাচাই করে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে।
তদন্ত কমিটির প্রধান ও বান্দরবান জেলা শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন গত শনিবার (৪ জুলাই) জানান, তদন্তে অন্তত ২৫ জন শিক্ষার্থী সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। তদন্ত কমিটি কেন্দ্র পরিদর্শন করে সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক ও হল পরিদর্শকদের বক্তব্য গ্রহণ করেছে। ভুল প্রশ্ন বিতরণের পাশাপাশি কেন্দ্র পরিচালনায় আরও কিছু অনিয়মের প্রমাণ পাওয়া গেছে এবং এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে।
এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় চার শতাধিক শিক্ষার্থী ও স্থানীয়রা উপজেলা সদরে মানববন্ধন করে দায়ীদের শাস্তির দাবি জানান। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান জানান, তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বোর্ড থেকে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের বাকি পরীক্ষাগুলোতে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগের প্রশংসা করলেও গাফিলতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্ন বিতরণের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার আশ্বাস দিয়েছে শিক্ষা বোর্ড।


0 Comments